ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ অক্টোবর): বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে এবং শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় গত ৪ অক্টোবর তাকে কলকাতার ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

শোকবার্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী,পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।’

চট্টগ্রামের রাউজানের সন্তান মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সে সময় ওই কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্ররাজনীতির অধ্যায় শেষ করে পরবর্তীতে মূল ধারার আওয়ামী রাজনীতিতেও সক্রিয় হন রোটন। এর অংশ হিসেবে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ২০২১ সালে ক্ষমতাসীন দলের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হয়েছিলেন এই রাজনীতিবিদ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ