পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

পঞ্চগড় প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৪ নভেম্বর): পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মাত্র দুই মিনিটের ব্যবধানে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে প্রথমবার এবং ঠিক দুই মিনিট পর ৭টা ৩৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন টের পাওয়া যায়।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যমতে, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪। নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তিস্থল, যা পঞ্চগড় জেলা থেকে প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার দূরে অবস্থিত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ এই ভূমিকম্পের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তের ওপারে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় পঞ্চগড়ে এর কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের ফলে নেপালে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিগত কয়েক বছরে এই অঞ্চলে বেশ কিছু শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মধ্যে কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ