ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়াল
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ নভেম্বর): ব্যাংকিং খাতের ঋণচিত্রের অবনতি থামছেই না। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের ব্যাংকগুলোর সামগ্রিক খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। সামগ্রিক ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপির খাতায়।
সহজ কথায়, ব্যাংকগুলোর দেওয়া প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৪ টাকাই এখন ঝুঁকির মুখে। সবচেয়ে নাজুক দশা রাষ্ট্রমালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকগুলোতে। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকের ৩৯ দশমিক ৫১ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতেও এই হার ৩২ দশমিক ২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের ৩০ সেপ্টেম্বর ২০২৬ ভিত্তিক ব্যাংকভিত্তিক ঋণসংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এই একই সময়ে খেলাপি ঋণের অনুপাত ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশে ঠেকেছে।
মনোয়ারুল হক/
