উপকূলীয় অঞ্চলের উন্নয়নে অর্থায়ন করবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ নভেম্বর): দেশের উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী জানান, বরাদ্দকৃত এই অর্থ উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তাদের সুরক্ষা নিশ্চিত করার কাজে ব্যবহার করা হবে।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষে অংশ নেন বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল। আলোচনায় বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং চলমান নানা প্রকল্প নিয়ে বিশদ কথা হয়।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দেওয়া এবং শহরটিকে আরও বাসযোগ্য ও নাগরিকদের জন্য স্বস্তিদায়ক করে তুলতে নতুন একটি প্রকল্পের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি উল্লেখ করেন, নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে কড়াইল বা ভাসানটেকের মতো এক বা একাধিক বস্তিকে মডেল প্রকল্প হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ড. আবদুল মঈন খান আরও জানান, আগামী এক থেকে দুই বছরের মধ্যে একটি কার্যকর মডেল প্রকল্প দাঁড় করিয়ে শ্রমজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এবং বিশ্বব্যাংক এতে সহযোগিতা করতে রাজি হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের অর্থায়ন করে আসছে। অত্যন্ত স্বল্প সুদে ঋণ সহায়তার কারণে উন্নয়ন অংশীদার হিসেবে বিশ্বব্যাংক সব সময়ই সরকারের অগ্রাধিকার পেয়ে থাকে।

এদিকে বিশ্বব্যাংকের প্রতিনিধি জ্যঁ পেসমে জানান, ঢাকাকে আরও বসবাসযোগ্য করে তুলতে পাইলট কর্মসূচিতে অর্থায়ন করবে তাদের সংস্থা। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকায় কী ধরনের উন্নয়নকাজ করা সম্ভব, সে বিষয়ে সরকার ও মন্ত্রী তাদের পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, এই আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন পাইলট কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক সহায়তা প্রদান করবে। শহরের অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে করা যায়, তা যাচাইয়ের একটি নমুনা বা মডেল হিসেবে এই কর্মসূচিতে যুক্ত থাকবে বিশ্বব্যাংক।

পেসমে আরও জানান, বৈঠকে উপকূলীয় অঞ্চলের সহায়তা ছাড়াও ভৌত অবকাঠামো, জীবিকা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণেও বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, পরিবহনসহ অন্যান্য খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় রেখে ছোট পরিসরে পরীক্ষামূলক কাজ শুরুর মাধ্যমে নগরবাসীর জীবনে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা চলমান থাকবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ