এআই প্রযুক্তির সাহায্যে অপপ্রচার চালানো হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ নভেম্বর): বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ভুয়া ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তার মতে, একটি চিহ্নিত চক্র দেশে পুনরায় অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে; তবে জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে সেই ষড়যন্ত্র সফল হবে না।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে রুহুল কবির রিজভী এসব মন্তব্য করেন।
প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার উদ্যোগে আয়োজিত এই প্রকাশনা উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহানের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বক্তব্যে রুহুল কবির রিজভী উল্লেখ করেন, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন জায়গায় যারা পলাতক রয়েছেন, তারা সেখান থেকেই এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের অসত্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রয়াস চালানো হয়েছিল, বর্তমানেও ঠিক একই কৌশলে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিগত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কারাগারে থাকা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজন ব্যক্তিকে গুম করার পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এসব ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, গুমের যে সংস্কৃতি বা প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো সমাজ থেকে পুরোপুরি নির্মূল হয়নি।
তবে বর্তমান সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের প্রশংসা করে রুহুল কবির রিজভী জানান, এত প্রতিকূলতার মাঝেও বর্তমান সরকার অত্যন্ত ধীরস্থির ও শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।
বিগত শাসনামলের সঙ্গে বর্তমানের তুলনা টেনে তিনি বলেন, আগের আমল হলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার কিংবা রক্তপাতের মতো ঘটনা ঘটানো হতো, কিন্তু বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সে সময় রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান এমনকি ভূগোল পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল।
তিনি স্মরণ করিয়ে দেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত অধ্যায় আদালতের নির্দেশে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে যাওয়ায় তার বিরুদ্ধেও পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
প্রকাশিত বইটির বিষয়বস্তু নিয়ে রিজভী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশবকাল থেকে শুরু করে শাহাদাতবরণ পর্যন্ত তার জীবন, কর্ম, শিশু ও তরুণ সমাজের সঙ্গে তার সুসম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার বহুমুখী দিক এই গ্রন্থে ফুটিয়ে তোলা হয়েছে।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিত্রশিল্পী হিসেবে অধ্যাপক হীরা সোবাহান পুরোনো সংবাদপত্রের কাটিং, প্রামাণ্য তথ্য ও পরিসংখ্যান সংযুক্ত করে যে গবেষণাধর্মী কাজ করেছেন, তা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে বিশেষভাবে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি বিগত সংকটময় সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও ঢাকায় এসে নানা কর্মসূচিতে অংশ নেওয়ায় অধ্যাপক হীরা সোবাহানের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।
প্রকাশিত গ্রন্থটির ওপর বিস্তারিত আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
মনোয়ারুল হক/
