খেলাপি ঋণ কমাতে বহুমুখী ও সমন্বিত উদ্যোগ জোরদার
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ নভেম্বর): দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার কমিয়ে আনতে বহুমুখী ও সমন্বিত পদক্ষেপ আরও জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা সামনে রেখে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ঋণ আদায় কার্যক্রম বাড়ানো, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং আইনি সংস্কারের মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে গত ২০ নভেম্বর জারি করা এক নির্দেশনায় (সার্কুলার) সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে খেলাপি ঋণ আদায়ে গতি আনার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি বছরের ২৯ জুন প্রবর্তিত বিশেষ এ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তি করার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করার সুযোগও থাকছে।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিলকৃত নির্দিষ্ট কিছু ঋণ এ সুবিধার অন্তর্ভুক্ত। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণগুলোকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনার সূত্র ধরে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে গত সেপ্টেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিসংখ্যান উপস্থাপন করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, খেলাপি ঋণ কমিয়ে আনা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ উদ্দেশ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ করে এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার তুলনামূলক বেশি, সেগুলোর ওপর তদারকি আরও কঠোর করা হচ্ছে।
বিশেষ এ সুবিধার মূল লক্ষ্য হলো, নির্ধারিত শর্ত পূরণকারী ঋণগ্রহীতাদের দায় নিষ্পত্তির সুযোগ তৈরি করে দেওয়া এবং দীর্ঘদিন ধরে খেলাপি হিসেবে আটকে থাকা অর্থ ব্যাংকগুলোকে আদায়ে সহায়তা করা। তবে এ সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নির্ধারিত শর্তাবলি পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি রয়েছে, সেসব ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাস পরপর বৈঠক করার বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় ও সম্পদের গুণগত মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দাখিল করতে হচ্ছে।
এ ছাড়া প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে ঋণ আদায়ের অগ্রগতি মনিটরিংয়ের পাশাপাশি ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণ আদায় জোরদার ও ব্যাংকের সম্পদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে তাঁর ব্যাংক।
তিনি বলেন, বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালা যোগ্য ঋণগ্রহীতাদের জন্য একটি সুশৃঙ্খল প্রক্রিয়ায় ঋণ পরিশোধের পথ তৈরি করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণের অর্থ আদায় করা ব্যাংকগুলোর জন্য সহজতর হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা যাচাই, গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং বকেয়া ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য কার্যক্রমও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি রোধেও ঋণঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন আরও জোরদার করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুযায়ী এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নতুন এ কাঠামোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের ঋণ পোর্টফোলিওর সম্ভাব্য ঝুঁকি আগাম মূল্যায়ন করতে সক্ষম হবে এবং এতে সম্ভাব্য ঋণক্ষতির পূর্বাভাস পাওয়া ও সে অনুযায়ী যথাসময়ে প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ সহজ হবে। ফলে ঋণঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকগুলো আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।
মধ্যমেয়াদি কর্মপরিকল্পনায় ঋণ আদায়ে নিয়োজিত ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা চালু এবং নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের জন্য বিদ্যমান প্রণোদনা পুনর্মূল্যায়নের বিষয়টিও রাখা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঋণ ব্যবস্থাপনা কাঠামো সুদৃঢ় করা, ঋণ বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনিয়ম প্রতিরোধের ওপর জোর দেওয়া হয়েছে।
অন্যদিকে, খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপও নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো খেলাপি ঋণসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং ব্যাংকের আটকে থাকা অর্থ আদায়ের প্রক্রিয়া সহজতর করা।
ঝুঁকিভিত্তিক তদারকির অংশ হিসেবে দুর্বল সুশাসন বা ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি রয়েছে—এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ-একিউআর) জোরদার করার ওপরও গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
এর মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিও ও সম্পদের প্রকৃত মান যাচাই করে দুর্বলতা, ঋণঝুঁকি এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনর্গঠন বা পুনঃতফসিলের সুবিধা কেবল সেসব ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া উচিত, যাদের ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য রয়েছে।
পক্ষান্তরে, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঋণ আদায় কার্যক্রম আরও বেগবান করতে ব্যাংকগুলোর আইনি বিভাগ ও বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করা, জামানতের সঠিক মূল্যায়ন ও তা নগদায়নের প্রক্রিয়া উন্নত করা এবং বড় ও উচ্চঝুঁকির ঋণগ্রহীতাদের ওপর নিবিড় নজরদারি চালানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার, সম্পদের মান এবং মূলধন পর্যাপ্ততা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের এসব পদক্ষেপ সামনে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত হওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট কার্যক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
