ভবিষ্যতের কর্মবাজার ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব

আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বর্তমান বিশ্বের অন্যতম প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রশ্ন—এআই কি মানুষের কর্মসংস্থান কেড়ে নেবে? বিষয়টি একেবারেই অভিনব নয়। এর আগে বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ কিংবা ইন্টারনেটের মতো প্রযুক্তিও মানুষের কাজ করার পদ্ধতি এবং সামগ্রিক অর্থনীতিতে রূপান্তর এনেছিল। তবে জেনারেটিভ এআই-এর আবির্ভাব আগের যেকোনো প্রযুক্তিগত অগ্রগতির চেয়ে বেশ আলাদা। কারণ এটি কেবল মানুষের শারীরিক শ্রমের ক্ষেত্রকেই নয়, বরং মানবীয় চিন্তা ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও সরাসরি প্রভাব ফেলেছে। প্রযুক্তির এই বিকাশ কর্মসংস্থানের ক্ষেত্রে যে গভীর রূপান্তর ঘটিয়েছে, তা মানবজাতিকে যেমন অভূতপূর্ব দক্ষতার সুযোগ করে দিচ্ছে, তেমনই জন্ম দিয়েছে এক তীব্র অনিশ্চয়তার।

এআই নিয়ে বিশ্বজুড়ে মূলত দুটি বিপরীতমুখী মত প্রচলিত রয়েছে। এক পক্ষের ধারণা, এআই কোটি কোটি মানুষের চাকরি কেড়ে নেবে। অন্যদিকে অপর পক্ষের যুক্তি হলো, ইতিহাসে প্রযুক্তি সবসময় নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছে; কাজেই শঙ্কার কোনো কারণ নেই। এই দুটি দাবিই আংশিক সত্য এবং একই সঙ্গে অতিসরলীকরণ। প্রকৃত চিত্র হলো, এআই-এর প্রভাবে কিছু কাজ বিলুপ্ত হবে, কিছু কাজের পরিধি কমবে, বহু কাজের প্রকৃতি বদলে যাবে এবং একই সঙ্গে নতুন কাজের নতুন দিগন্তও উন্মোচিত হবে।

বিশ্বের বিভিন্ন গবেষণায় এআই-এর প্রভাব সম্পর্কে প্রায় একই রকম চিত্র ফুটে উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের একটি বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ চাকরিতে যেকোনো না কোনোভাবে এআই-এর প্রভাব পড়তে পারে এবং উন্নত দেশগুলোতে এই হার প্রায় ৬০ শতাংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ভিন্ন একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বে প্রতি চারটি চাকরির মধ্যে একটির ওপর জেনারেটিভ এআই প্রভাব ফেলবে। এর অবশ্য এই অর্থ দাঁড়ায় না যে প্রতি চারজনের মধ্যে একজন বেকার হয়ে পড়বেন। অধিকাংশ ক্ষেত্রেই পুরো চাকরি হারিয়ে যাওয়ার পরিবর্তে কাজের নির্দিষ্ট কিছু অংশ এআই-এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

অর্থাৎ, এআই-এর প্রভাব মানেই চাকরিচ্যুতি নয়। এটি কিছু কাজকে সহজতর করবে, কিছু ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াবে, আবার কোনো কোনো জায়গায় কর্মীর প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। ঠিক কোনটি ঘটবে, তা সম্পূর্ণ নির্ভর করছে প্রতিষ্ঠান, বাজার কাঠামোগত অবস্থা এবং যথাযথ নীতিনির্ধারণের ওপর।

এআই কেবল কর্মসংস্থান কমিয়ে দিচ্ছে না, বরং নতুন চাকরির সুযোগও তৈরি করছে। একটি জরিপ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হওয়ার বিপরীতে প্রায় ১৭ কোটি নতুন চাকরি সৃষ্টি হতে পারে। তবে এটি কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী নয়, বরং একটি প্রাক্কলন মাত্র। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও পুরোনো কাজ হারানো মানুষগুলো নতুন কাজের উপযোগী দক্ষতা অর্জন করতে পারবেন কি না, সেই সংশয় থেকেই যায়। কারণ এআই-এর কারণে কেবল কাজের সংখ্যা নয়, কাজের ধরনও অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে।

ডাটা অ্যানালিসিস বা উপাত্ত বিশ্লেষণ, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, এআই ম্যানেজমেন্ট এবং এআই-ভিত্তিক নানা পেশার চাহিদা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। ভবিষ্যতে এমন আরও অনেক পেশা আসতে পারে, যেগুলোর নাম বা রূপ আজ আমাদের ধারণারও বাইরে। তাই বর্তমান পরিস্থিতিকে কেবল ‘কাজের সংকট’ হিসেবে বিবেচনা করলে সম্পূর্ণ চিত্রটি ধরা পড়বে না। বাস্তব সত্য হলো, ভবিষ্যতে যে ধরনের কাজের চাহিদা বৃদ্ধি পাবে, সেই কাজের জন্য উপযোগী দক্ষতা এখনো আমাদের অনেকের মধ্যেই নেই।

যেসব কাজ নির্দিষ্ট কিছু নিয়মের অধীনে বারবার পুনরাবৃত্তি করা সম্ভব, সেই ক্ষেত্রগুলোতে এআই অত্যন্ত দ্রুত ও সাশ্রয়ী মূল্যে কাজ সম্পন্ন করতে পারে। তবে সৃজনশীলতা, বিচারবুদ্ধি, মানুষের আবেগ অনুধাবন, মানবিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার মতো ক্ষেত্রগুলোতে এখনও মানবীয় ভূমিকার বিকল্প নেই। ফলে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা হয়তো আর ‘মানুষ বনাম এআই’ হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং তা পরিণত হবে ‘যে মানুষ এআইকে কাজে লাগাতে পারে বনাম যে মানুষ এআইকে কাজে লাগাতে পারে না’ তাদের মধ্যকার প্রতিযোগিতায়। আর এই রূপান্তরের ঢেউ কেবল উন্নত দেশগুলোতেই সীমাবদ্ধ নেই; দক্ষিণ এশিয়ার শ্রমবাজারেও এর স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, যেসব পেশায় এআই-এর প্রভাব পড়ার ঝুঁকি বেশি, সেই পেশাগুলোতে চাকরির বিজ্ঞপ্তির হার অন্যান্য খাতের তুলনায় প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে এআই-সম্পর্কিত দক্ষতার চাহিদাও নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের শুরুর দিক থেকে ২০২৫ সালের প্রথম ভাগ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় এআই-সংশ্লিষ্ট চাকরির বিজ্ঞপ্তির হার ২ দশমিক ৫ শতাংশ থেকে উন্নীত হয়ে ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ এই পরিবর্তনটি কোনো একমুখী ধারা নয়। নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা রূপান্তর করতে না পারলে বহু মানুষ পিছিয়ে পড়বেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য বিষয়টি কেবল প্রযুক্তিগত রূপান্তর নয়; এটি তাদের কর্মসংস্থানের ভবিষ্যৎ গতির সাথেও গভীরভাবে সম্পৃক্ত। বাংলাদেশের জন্য এই পরিবর্তনের তাৎপর্য আরও অনেক বেশি।

বাংলাদেশের সামনে একই সঙ্গে অফুরান সম্ভাবনা ও বড় ধরনের ঝুঁকি—উভয়ই বিদ্যমান। এআই দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে, নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করতে পারে এবং স্বল্প সময়ে অধিক কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। পক্ষান্তরে, পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে দেশের বিশাল জনগোষ্ঠীর জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। আইএমএফের এআই প্রস্তুতি সূচকে ডিজিটাল অবকাঠামো, মানবসম্পদ এবং নীতিগত প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের এখনও বেশ কিছু ঘাটতি রয়েছে।

বাংলাদেশের অর্থনীতির মূল কয়েকটি চালিকাশক্তি হলো—তৈরি পোশাক শিল্প, সেবা খাত, ফ্রিল্যান্সিং এবং প্রবাসী আয়। এই ক্ষেত্রগুলোতে এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার ক্রমশ বিস্তার লাভ করছে। পোশাক শিল্পে অটোমেশন বা স্বয়ংক্রিয়তার প্রয়োগ এর একটি বড় দৃষ্টান্ত। বাংলাদেশের এই খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। এই শিল্পে রোবটিক্স, এআই-নির্ভর ফেব্রিক কাটিং, স্বয়ংক্রিয় মান নিয়ন্ত্রণ (কোয়ালিটি চেক) এবং উৎপাদন পরিকল্পনায় বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার দ্রুত বাড়ছে। বিভিন্ন গবেষণা ও অর্থনৈতিক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাবে আগামী কয়েক বছরের মধ্যে দেশের পোশাক ও উৎপাদন খাতের ১০ লাখেরও বেশি শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। যেসব ক্ষেত্রে মানুষের কায়িক শ্রমের ওপর বেশি নির্ভর করতে হয়, সেখানে রূপান্তরের চাপ সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। তাছাড়া পোশাক শিল্পে নারী শ্রমিকের আধিক্য থাকায় এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব নারীদের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ার আশঙ্কা রয়েছে।

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও এই পরিবর্তন অত্যন্ত দৃশ্যমান। বাংলাদেশকে বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান আউটসোর্সিং হাব হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু দেশের অধিকাংশ ফ্রিল্যান্সার সাধারণত যে ধরনের কাজ করে থাকেন—যেমন ডাটা এন্ট্রি, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ট্রান্সক্রিপশন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট—সেগুলো এখন বিভিন্ন এআই টুলের মাধ্যমে মুহূর্তেই এবং বিনামূল্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে নিম্নদক্ষতার ফ্রিল্যান্সিং কাজের চাহিদা দ্রুত হ্রাস পাচ্ছে। তবে যারা নিজেদের দক্ষতা উন্নত করে এআই প্রযুক্তির ব্যবহার, ডাটা অ্যানালিসিস কিংবা এআই-ভিত্তিক সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরির দিকে নিজেদের নিয়োজিত করছেন, তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হচ্ছে।

একই রূপান্তর দেখা যাচ্ছে দেশের ব্যাংকিং খাত, টেলিকমিউনিকেশন, ই-কমার্স এবং অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানেও। গ্রাহক সেবায় মানুষের পাশাপাশি এখন চ্যাটবট কাজ করছে, হিসাবরক্ষণ ও অডিটের বিভিন্ন কাজ বিশেষ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হচ্ছে। এর প্রভাব ক্যারিয়ারের একদম শুরুর দিকের এন্ট্রি-লেভেল পদগুলোতে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। কারণ নতুন কর্মীরা সাধারণত যে ধরনের সাধারণ কাজগুলোর মাধ্যমে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জন করতেন, তার কিছু অংশ এখন প্রযুক্তির সাহায্যেই সহজে করা সম্ভব। বাংলাদেশের বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণী প্রতি বছর চাকরির বাজারে প্রবেশ করছেন। তাদের ক্ষেত্রে এই পরিবর্তন শুধু প্রযুক্তির বিষয় নয়, বরং তাদের ভবিষ্যৎ জীবিকার প্রশ্নও বটে।

তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা হলো এই তরুণ জনগোষ্ঠী। বিপুলসংখ্যক তরুণ প্রজন্মকে প্রয়োজনীয় দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে পারলে এই জনমিতিই দেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হতে পারে। কিন্তু তাদের উপযুক্ত দক্ষতা প্রদানে ব্যর্থ হলে এই একই জনসংখ্যা একসময়ে দেশের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক চাপে পরিণত হতে পারে। তাই কেবল তরুণ জনসংখ্যার আধिक্য থাকলেই চলবে না; তাদের এমন সব জ্ঞান ও কর্মদক্ষতা থাকতে হবে যার প্রকৃত চাহিদা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে রয়েছে। তা না হলে বৈশ্বিক শ্রমবাজারে অন্যান্য দেশের দক্ষ কর্মীদের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে।

এই প্রস্তুতির সূচনা করতে হবে প্রাথমিক শিক্ষাস্তর থেকেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো বহুলাংশে মুখস্থনির্ভর। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের বুলি মুখস্থ করানোর পরিবর্তে কীভাবে বাস্তব সমস্যার সমাধান করতে হয়, কীভাবে সঠিক প্রশ্ন করতে হয়, তথ্য যাচাই করতে হয় এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার করতে হয়—সেটি শেখাতে হবে। ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল জ্ঞান, যুক্তিভিত্তিক চিন্তন, তথ্য বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের দক্ষতা শিক্ষার মূল ভিত্তিমূলে থাকা প্রয়োজন।

এর পাশাপাশি যারা ইতোমধ্যে কর্মজীবনে প্রবেশ করেছেন, তাদের জন্যও নতুন দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। কোনো কারখানায় স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করার ফলে যদি পূর্বের তুলনায় কম শ্রমিকের প্রয়োজন হয়, তবে যাদের কাজের প্রয়োজনীয়তা হ্রাস পাচ্ছে, তাদের মধ্য থেকে উপযুক্ত কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে অন্য কোনো দায়িত্বশীল পদে যুক্ত করা যেতে পারে। একইভাবে অন্যান্য খাতেও প্রযুক্তির প্রভাবে কাজের ধরন বদলে গেলে কর্মীদের নতুন কর্মপদ্ধতির উপযোগী করে গড়ে তোলার সুনির্দিষ্ট ব্যবস্থা থাকতে হবে। সরকার, শিল্পোদ্যোক্তা এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এআই ব্যবহারের জন্য বাস্তবসম্মত ও সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করাও জরুরি। প্রযুক্তির ব্যবহার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, আবার এর সুফল যেন গুটিকয়েক মানুষের হাতে কুক্ষিগত হয়ে না থাকে—এই দুয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। একই সাথে দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা, নতুন উদ্যোগ ও উদ্ভাবনী খাতে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। এআই-এর ব্যবহার যেমন বাড়াতে হবে, তেমনি এর মাধ্যমে যেন দেশের সাধারণ মানুষের জন্য নতুন কর্মসংস্থান ও সুযোগ তৈরি হয়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রযুক্তির সুফল দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবকাঠামোগত উন্নয়নও অতি আবশ্যক। দ্রুতগতির ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যের প্রযুক্তি ও ক্লাউড সেবার সুবিধা কেবল বড় শহরগুলোতে সীমাবদ্ধ রাখলে চলবে না। শহর ও গ্রামাঞ্চলের মধ্যকার প্রযুক্তিগত বৈষম্য যত বৃদ্ধি পাবে, ভবিষ্যতের সুযোগের ব্যবধানও ততোই প্রসারিত হবে।

ব্যক্তিগত পর্যায়েও মানসিক প্রস্তুতি ও দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে। একজন কর্মীর জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ হলো এআই প্রযুক্তিকে এড়িয়ে না চলে বরং তা কার্যকরভাবে ব্যবহার করতে শেখা। একই সাথে এমন কিছু মৌলিক দক্ষতা অর্জন করা, যা যন্ত্রের পক্ষে সহজে অনুকরণ করা কঠিন—যেমন বিচারবুদ্ধি, মানবীয় যোগাযোগ স্থাপন, বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞান, নেতৃত্বদানের ক্ষমতা, দায়িত্ববোধ এবং নিজের কাজের ক্ষেত্র সম্পর্কে গভীর প্রজ্ঞা। ভবিষ্যতের কর্মপরিবেশে প্রযুক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা না করে প্রযুক্তির সহযাত্রী হয়ে কাজ করতে হলে এই দক্ষতাই একজন কর্মীকে আরও বেশি মূল্যবান করে তুলতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো অলৌকিক আশীর্বাদ নয়, আবার কোনো অনিবার্য বিপর্যয়ও নয়। এটি মানুষেরই উদ্ভাবিত একটি অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি, যার ভালো-মন্দ পরিণতি সম্পূর্ণরূপে নির্ভর করছে আমরা এটিকে কীভাবে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করছি তার ওপর। এআই জটিল রোগের চিকিৎসা, উন্নত গবেষণা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নানা কঠিন সমস্যার সমাধানে মানুষের বিশ্বস্ত সহায়ক হতে পারে। পক্ষান্তরে, পর্যাপ্ত প্রস্তুতি, সঠিক নীতিমালা এবং সুযোগের সুষম বণ্টন না থাকলে এটি অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে দিতে পারে এবং ব্যাপক বেকারত্ব সৃষ্টি করতে পারে।

বাংলাদেশের জন্য এআই মূলত একটি সতর্কবার্তা। এতদিন পর্যন্ত সুলভ ও সস্তা শ্রম আমাদের অর্থনীতির অন্যতম বড় শক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু প্রযুক্তির দ্রুত অগ্রগতি সেই সুবিধাকে ধীরে ধীরে ফিকে করে দিচ্ছে। আগামী দিনের বৈশ্বিক প্রতিযোগিতায় শুধু সস্তা শ্রমের ওপর নির্ভর করে টিকে থাকা কঠিন হবে। আমাদের প্রয়োজন হবে দক্ষ মানবসম্পদ, আধুনিক শিক্ষা এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা। পরিবর্তনশীল বাস্তবতাকে স্বীকার করে নিয়ে সময়মতো প্রস্তুত হওয়ার এখনই মোক্ষম সময়। এআই আমাদের কর্মজগতকে বদলে দেবে—ঠিক কতখানি বদল আসবে, তা হয়তো পুরোপুরি অনুমেয় নয়। তবে যারা এই পরিবর্তনের জন্য নিজেদের প্রস্তুত রাখবে, তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা উন্মুক্ত হবে। আর যারা এই রূপান্তরকে উপেক্ষা করবে, তাদের পথ ক্রমশ সংকুচিত ও কঠিন হয়ে উঠবে। বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে এই পরিবর্তনের উপযোগী করে গড়ে তোলাই বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ