সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ অক্টোবর): পেশাগত উৎকর্ষ ও শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর মোট ৭টি ইউনিটকে জাতীয় পতাকা হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে এই পতাকা প্রদান করা হয়।

এ দিন সকাল সোয়া নয়টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সাভার সেনানিবাসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ বছর জাতীয় পতাকা অর্জনকারী ইউনিটগুলো হলো: প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

সেনানিবাসে পৌঁছানোর পর সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কসহ সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ সময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সাধারণ মানুষ।

 মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ