আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আভাস
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): হার্ট অ্যাটাক বা স্ট্রোক হঠাৎ ঘটলেও এর ঝুঁকি কয়েক দশক ধরে নীরবে বাড়তে পারে। নতুন এক গবেষণা বলছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগে মৃত্যুর ৩০ বছর আগেও ঝুঁকির কিছু সতর্কসংকেত পাওয়া যেতে পারে। রক্তচাপ, কোলেস্টেরল, কিডনির কার্যক্ষমতা ও অন্যান্য স্বাস্থ্যসূচকের পরিবর্তন থেকে এই ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
জামা নেটওয়ার্ক ওপেন সাময়িকীতে প্রকাশিত গবেষণায় যুক্তরাষ্ট্র, নরওয়ে ও যুক্তরাজ্যের ১ লাখ ১৩ হাজারের বেশি প্রাপ্তবয়স্কের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করা হয়েছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকেরা চারটি দীর্ঘমেয়াদি গবেষণা থেকে এসব তথ্য সংগ্রহ করেছেন। এতে ১৯৮৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩ লাখ ১৬ হাজার ৭১৯ বার স্বাস্থ্য পরীক্ষার তথ্য অন্তর্ভুক্ত ছিল।
গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের কারও আগে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়নি। পরবর্তী সময়ে ১৬ হাজার ৯১৭ জন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের শিকার হন অথবা হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগে মারা যান।
উচ্চ রক্তচাপ আগাম সতর্কসংকেত হতে পারে
গবেষণায় সবচেয়ে স্পষ্ট পার্থক্যগুলোর একটি দেখা গেছে সিস্টোলিক রক্তচাপে। হৃদ্যন্ত্র সংকুচিত হওয়ার সময় ধমনিতে যে চাপ তৈরি হয়, সেটিই সিস্টোলিক রক্তচাপ।
পরবর্তী সময়ে যারা আক্রান্ত হয়েছেন, তাদের এই রক্তচাপ ৩০ বছর আগেও অন্যদের তুলনায় প্রায় ৪ মিলিমিটার পারদ বেশি ছিল। আক্রান্ত হওয়ার সময় যত ঘনিয়ে এসেছে, এই ব্যবধান তত বেড়েছে।
কম বয়সে পুরুষদের তুলনায় নারীদের রক্তচাপ সাধারণত কম ছিল। তবে ৬৫ বছর বয়সের দিকে নারীদের রক্তচাপ তুলনামূলক বেশি হওয়ার প্রবণতা দেখা গেছে।
কোলেস্টেরল ও অন্যান্য ঝুঁকি
কোলেস্টেরল, ডায়াবেটিস, শরীরের ভরসূচক (বিএমআই), শারীরিক সক্রিয়তা ও কিডনির কার্যক্ষমতার ক্ষেত্রেও দুই দলের মধ্যে পার্থক্য দেখা গেছে। কম বয়সে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ বিএমআই থাকার প্রবণতা বেশি ছিল।
রক্ত পরীক্ষায়ও মিলতে পারে ঝুঁকির আভাস
গবেষকেরা রক্তে সি-রিঅ্যাকটিভ প্রোটিন, কার্ডিয়াক ট্রোপোনিন ও এনটি-প্রোবিএনপি নামের স্বাস্থ্যসূচকও পরীক্ষা করেছেন। এর মধ্যে এনটি-প্রোবিএনপির মাত্রায় পরিবর্তন আক্রান্ত হওয়ার প্রায় ১০ বছর আগেও শনাক্ত করা গেছে। হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা কমে যাওয়ার সমস্যা মূল্যায়নে এই সূচক ব্যবহৃত হয়।
তবে এসব সূচক দিয়ে কোনো ব্যক্তির ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবেই, তা নিশ্চিতভাবে বলা যায় না। এ জন্য আরও গবেষণা প্রয়োজন।
গবেষক ডোরিয়েন কিমেনাইয়ের মতে, এসব তথ্য আগেভাগে হৃদরোগ প্রতিরোধের কৌশল তৈরিতে সহায়ক হতে পারে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, অনেক হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা ভবিষ্যতের ঝুঁকি বুঝতে এবং আগেভাগে জীবনযাপনে পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। সূত্র : এনডিটিভি
মনোয়ারুল হক/
