প্রতিদিন মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): আগামী ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পুষ্টি নিশ্চিতে মিড ডে মিল চালু করবে সরকার। এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন (পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ) মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজ তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান জানান, এ কর্মসূচির আওতায় প্রতিদিন ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে। তাঁর মতে, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে এই স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অধিকার করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিশিষ্ট এই চিকিৎসক বিজয়ী ও প্রতিযোগীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘রান্না নিয়ে নতুন পরীক্ষা-নিরীক্ষা করা থামাবেন না। আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আপনাদের রান্নাকে অনন্য করবে। রান্নার প্রতি আপনাদের আসক্তিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। বিশ্বের দরবারে বাংলাদেশের রান্নাকে আরও প্রসিদ্ধ করতে সহযোগিতা করুন।’

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, সবার জন্য খাদ্য ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, শিশুদের খর্বতা ও অপুষ্টির অবসান, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় ও ক্ষতি কমানো এর অন্যতম লক্ষ্য।

দেশের শিশুদের পুষ্টি পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলায়, ৫০০টি উপজেলায়, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের ৯০ হাজার ৪৯টি গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।’ তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়া জরুরি।’ কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি মেটাতে উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং রোগ প্রতিরোধী আলু চাষের ওপর জোর দেন তিনি। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসারের কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।

আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি বাস্তবায়নের পাশাপাশি পুষ্টি সংবেদনশীল নীতির ওপরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।’

ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, পৃথিবীকে জিরো হাঙ্গার— শূন্য ক্ষুধার দিকে এগিয়ে নিতে আমরা সকলেই প্রচেষ্টা চালাই।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খান প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ