জালিয়াতি রোধে কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরপরই তাদের যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সংরক্ষণের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে সনদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সনদ জালিয়াতি ও নানা অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠান সনদ বিক্রি করে। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এতে কে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তার শিক্ষাজীবনের তথ্য কী, তা কেন্দ্রীয়ভাবে যাচাই করা সম্ভব হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনিয়ম করে না, সব শিক্ষকও অনিয়ম করেন না। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, যেখানেই অনিয়ম রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিষেক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ