দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ শেষে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উল্লেখ করেন, দেশীয় মাংসের জোগান নিশ্চিত করতে খামারিদের অনুপ্রাণিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নানাবিধ প্রণোদনা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক র্যালির প্রাক্কালে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর লাখ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল। প্রাণিসম্পদের বিকাশ ও বিস্তারের কারণে চরাঞ্চলের বাসিন্দারাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করতে এ খাতের সম্ভাবনাগুলো কাজে লাগাতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যাত্রা শুরু করে র্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে পুরোনো বাণিজ্য মেলা মাঠে গিয়ে সমাপ্ত হয়।
উক্ত র্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ সংগঠনটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ খাতের সাথে যুক্ত নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
মনোয়ারুল হক/
