সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ নভেম্বর): সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি এই শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপ্রধান সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার বা অভিবাদন জানায়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরবর্তীতে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে, রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁকে স্বাগত জানান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা একযোগে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ পরিচালনা করেন।
স্বাধীনতা অর্জনের পর থেকে ঐতিহাসিক এই দিনটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করবেন।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
