জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর মূল শক্তি
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ নভেম্বর): রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব এবং সাধারণ মানুষের আস্থাই হলো সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান ও নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্য রেখে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন—এমনটাই গোটা জাতির প্রত্যাশা।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এই বিশেষ দিনে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অসামান্য বীরত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করেছিল, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর সেই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা এবং পেশাদারিত্বকে সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত সেই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।’
তিনি বলেন, সেই ধারাবাহিক প্রয়াসের ফলে সশস্ত্র বাহিনী আজ একটি অত্যন্ত দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ নীতি’ গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে আরও বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। পরিশেষে তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মনোয়ারুল হক/
