‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়’

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ নভেম্বর): প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, ২১ নভেম্বর দিনটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে এ দেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস ওতপ্রোতভাবে মিশে রয়েছে।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান নিজেও ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। সশস্ত্র বাহিনীর ইতিহাসে এটিও এক অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত।

তারেক রহমান বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। ফলে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’

তিনি আরও জানান, সশস্ত্র বাহিনীর ইতিহাসেও দিনটির গুরুত্ব অপরিসীম, যার প্রেক্ষিতে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। বিশেষ এই দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং সংকল্পবদ্ধ শৃঙ্খলায় গড়া জাতির এক গর্বিত প্রতিষ্ঠান হলো সশস্ত্র বাহিনী। একাত্তরের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা সদা জাগ্রত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানকে তা আরও শক্তিশালী ও প্রশংসনীয় করে তুলেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। এ ছাড়া দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাক মোকাবিলায় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা বাহিনীটিকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনীতে রূপান্তর করেছিলেন এবং বাহিনীটিকে সুশিক্ষিত ও পেশাদার হিসেবে গড়ে তুলেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের এই প্রক্রিয়া চলমান থাকে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারও বিস্তারিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।

তারেক রহমান বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক হলো সশস্ত্র বাহিনী। বাংলাদেশের স্বার্থবিরোধী মহল বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালালেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীটি তার সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে।

তিনি আরও যোগ করেন, কেবল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয়, বরং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা পালন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার গুণে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন। শান্তিরক্ষী প্রেরণকারী অন্যতম শীর্ষ দেশ হিসেবে এই অর্জন জাতির জন্য অত্যন্ত গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার তরে প্রাণদানকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ