ডিজিটাল সেবা সুরক্ষায় সাইবার নিরাপত্তা অপরিহার্য
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): ডিজিটাল কাঠামোর নিরাপত্তা, নিরবচ্ছিন্নতা ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণে সাইবার সুরক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি উল্লেখ করেন, সরকারি ডেটা, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং ডিজিটাল সেবা রক্ষার্থে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক মেলবন্ধন, দক্ষ কর্মী বাহিনী এবং যথাযথ নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘Cybersecurity and Data Protection’ শীর্ষক দুদিনের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এবারের সেমিনারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Cybersecurity for Resilient Digital Government: Strategic Awareness for Policy-Makers, Senior Civil Servants, and Critical Information Infrastructure (CII) Leaders’।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় বাংলাদেশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ডিজিটাল রূপান্তর ঘটাচ্ছে। বর্তমান সময়ে ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ‘এক নাগরিক-এক পরিচয়-এক ওয়ালেট’ পর্যন্ত সবকিছুই ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল। এই অগ্রগতির সুফলের পাশাপাশি সাইবার ঝুঁকির মাত্রাও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’
সাইবার সুরক্ষায় তিনটি প্রধান অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের সুরক্ষা অর্জনে অবকাঠামোগত ও প্রযুক্তিগত কাঠামোর একদম প্রাথমিক ডিজাইন থেকেই সাইবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। নিরাপত্তাকে কেবল পরবর্তী সংযোজন হিসেবে না দেখে, বরং সামগ্রিক অবকাঠামো উন্নয়নের একটি অপরিহার্য ভিত্তি হিসেবে গণ্য করতে হবে।’
তিনি আরও জানান, সাধারণ মানুষের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা বিধান করা আধুনিক ডিজিটাল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান পূর্বশর্ত। এজন্য যুগোপযোগী তথ্য সুরক্ষা ফ্রেমওয়ার্ক তৈরি ও বাস্তবায়নের পাশাপাশি জনগণের মনে ডিজিটাল সেবার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস তৈরি করতে হবে।
মন্ত্রী জোর দিয়ে বলেন, সাইবার নিরাপত্তাবিষয়ক বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, কৌশলগত নীতিনির্ধারণ এবং বাজেটের মূল অংশে অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে অভিজ্ঞ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং বলিষ্ঠ নেতৃত্ব অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই ডিজিটাল পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও যোগ করেন, ‘আমরা কেবল ঘটনার পর প্রতিক্রিয়া দেখানোর মানসিকতা থেকে বেরিয়ে এসে পুরোপুরি প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অংশীদারত্বকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘E-ffective Governance: Accelerating e-government and digital public services in Bangladesh’ প্রকল্পের আওতায় এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক স্তর, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মনোয়ারুল হক/
