শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই চলছে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টি এবং এর আইনি বৈধতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, তিনিও বিষয়টি শুনেছেন এবং স্ক্রল নিউজে দেখেছেন যে পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা তিনি এখনও নিশ্চিত করতে পারেননি।

তিনি আরও যোগ করেন, এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনটির আইনি ভিত্তি কী, তা নিয়মমাফিক সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না— এসব পুঙ্খানুপুঙ্খ বিষয় যাচাই-বাছাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরবর্তীতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, কোনো দণ্ডিত আসামি যে রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে, সেই দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষমতাচ্যুত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মাঝে মাঝে বিভিন্ন বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগ উপায়ে এসব মোকাবিলা ও প্রতিহত করছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ