নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার লক্ষ্যে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।

দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে আইনজীবীদের মাধ্যমে এই আবেদন দাখিল করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) প্রেরিত এ-সংক্রান্ত একটি চিঠি পর্যালোচনা করে তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ত্যাগের পর এটিই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের প্রথম প্রকাশ্য ঘটনা। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতা হারানোর পর নিজ দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এটি হাসিনার সবচেয়ে বড় দৃশ্যমান পদক্ষেপ।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো ধরনের পাসপোর্ট বা ট্রাভেল পাস প্রদান করা হবে না বলে আগেই স্পষ্ট করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সেসময় বলেন, শেখ হাসিনা যেহেতু একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করার প্রশ্নই আসে না।

তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনা একজন পলাতক ও তালিকাভুক্ত অপরাধী। ‘তিনি কি রংপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দিতে হবে? তাকে তো হস্তান্তর করতে হবে।’ তার মতে, একজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের কোনো প্রয়োজন নেই, এর জন্য প্রয়োজন বিচারিক প্রক্রিয়া এবং দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়া।

এর আগে বিগত ডিসেম্বরেও নিজের দেশে ফেরার পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সেসময়ের একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন যে, আদালতের মুখোমুখি হতে তিনি বাংলাদেশে ফিরে আসতে ইচ্ছুক।

অবশ্য দেশে ফেরার পূর্বে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করার ওপর জোর দিচ্ছেন আওয়ামী লীগের (বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ) নেতারা। রয়টার্সকে দলটির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কেবল শেখ হাসিনার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হবে।

বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতেই অবস্থান করছেন, কেউবা অন্য রাষ্ট্রে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে কারাবন্দি জীবন কাটাচ্ছেন।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমন করার উদ্দেশ্যে প্রাণঘাতী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়ার অভিযোগে এই রায় ঘোষণা করা হয়েছিল। তবে ভারত থেকে শেখ হাসিনা বরাবরের মতোই এই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের নিকট পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার জোর দাবি জানিয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।

চিঠির ভাষ্য অনুযায়ী, ‘আমাদের মক্কেলের পূর্বের পাসপোর্ট ও এনআইডি বাতিল সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে, তার নামে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অবিলম্বে ইস্যু করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

আইনজীবীরা আরও জানান, শেখ হাসিনার জন্মগত নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও সনদের আইনি বাধ্যবাধকতার কথা মাথায় রেখে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত।

এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য নেওয়ার জন্য দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের আগমুহূর্ত পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রয়টার্সের করা রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা নানা রাজনৈতিক অস্থিরতার পর বর্তমান প্রশাসন বাংলাদেশে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে পারে।

পাশাপাশি, তার দেশে ফিরে আসার বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান টানাপোড়েন নিরসনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য শীতলতা বিরাজ করছে। সূত্র: রয়টার্স

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ