শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ বসছে মজুরি বোর্ড
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বোর্ডের সভাকক্ষে বেলা ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, আজকের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় তারা আজকের বৈঠকে প্রস্তাব জমা দেবেন কি না, সে বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
এর আগে রবিবার (৮ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছ থেকে পাওয়া প্রস্তাব ও সুপারিশগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো প্রস্তুত করা হচ্ছে।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানান, বর্তমানে বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি ও কারখানা বন্ধ থাকার নানা বিষয় নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। তবে দ্বিতীয় সভার প্রস্তুতি চলছে এবং সার্বিক আলোচনার পরই মজুরি প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবারই প্রস্তাব জমা দেওয়া হতে পারে, আবার পরিস্থিতির ওপর ভিত্তি করে তা পেছাতেও পারে।
উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে আজকের দ্বিতীয় সভায় জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা করা হয়।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ৬ সদস্যের একটি নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এছাড়া বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের নির্ধারিত প্রতিনিধির পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্যও রয়েছেন।
মনোয়ারুল হক/
