আলোচনায় অগ্রগতি হলে ইরানে আক্রমণের সম্ভাবনা কম
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ নভেম্বর): মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ফলপ্রসূ হলে দেশটিতে নতুন করে সামরিক আগ্রাসন চালানোর সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে, আলোচনার মাধ্যমে ইতিবাচক অগ্রগতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলার নির্দেশ দেওয়ার পথে হাঁটবে না। তবে তেহরানের সঙ্গে কোনো শক্ত ও স্থায়ী চুক্তি স্বাক্ষরিত না হলে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার পথ খোলা রয়েছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই কথাগুলো জানান। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ফের হামলা শুরু হয়, তবে ইরানের কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করার জন্য ওয়াশিংটনের পূর্ণ প্রস্তুতি রয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় প্রায় ৩৮টি সেতু রয়েছে দাবি করে তিনি জানান, মাত্র এক ঘণ্টার ব্যবধানে এসব অবকাঠামো গুঁড়িয়ে দিতে সক্ষম মার্কিন বাহিনী।
রোববার সন্ধ্যায় নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ‘টাস্কফোর্স আয়রন গেট’ বর্তমানে পূর্ণমাত্রায় সক্রিয় রয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর রুট ব্যবহার করে অস্ত্র এবং নিষেধাজ্ঞাভুক্ত নানা পণ্যের চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণের ছক কষছে যুক্তরাষ্ট্র।
এদিকে পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী সামুদ্রিক এলাকায় বেশ কয়েকটি জলযানে হামলার খবর জানিয়েছে তেহরান ও ওয়াশিংটন উভয়পক্ষই। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ওই জলসীমায় মাইন বিস্ফোরণে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপর একটি জাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকা বহনকারী একটি মালবাহী জাহাজে অতর্কিত হামলা চালিয়ে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই জলযানটি ইরানের ওপর ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পণ্য পরিবহনের চেষ্টা চালাচ্ছিল।
এদিকে তেহরান জানিয়েছে, ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে তীব্র পাল্টা আঘাত হানা হবে। গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেলেও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে যে, এগুলো কোনো ক্ষেপণাস্ত্র হামলার ফল নয়; বরং ওই সামুদ্রিক অঞ্চলে ইরানি সামরিক বাহিনীর নিয়মিত মহড়া ও কার্যক্রমের সঙ্গে এর সম্পৃক্ততা রয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ভূরাজনৈতিক এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলসহ জরুরি বিভিন্ন পণ্য সরবরাহ ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সূত্র: রয়টার্স
মনোয়ারুল হক/
