প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, ৬ বছর বয়স থেকে এনআইডির তথ্য
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি যেসব উপজেলায় সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেসব উপজেলায় একযোগে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
অন্যদিকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের নির্ভুলতা নিশ্চিত ও বারবার তথ্য পরিবর্তনের প্রবণতা রোধে ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য নিবন্ধনের পরিকল্পনা করছে ইসি।
রবিবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলে পুরো উপজেলাতেই একযোগে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। উপজেলা সদরের ইউনিয়নগুলোও এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। প্রথম ধাপে কোন কোন ইউনিয়নে নির্বাচন হবে, তার চূড়ান্ত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ করা হবে।
আসন্ন ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না জানিয়ে আখতার আহমেদ বলেন, ইভিএমগুলো অপসারণের লক্ষ্যে চূড়ান্ত মজুত যাচাই শুরু হয়েছে। কী পদ্ধতিতে এগুলো অপসারণ করা হবে, সে বিষয়ে গঠিত কমিটির সুপারিশ পাওয়ার পর সিদ্ধান্ত জানানো যাবে।
এনআইডি নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, বর্তমানে ১৬ বছর বয়স থেকে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে প্রাথমিক শিক্ষায় প্রবেশের সময় সংগৃহীত তথ্য দিয়ে একটি স্থায়ী ডেটাবেইজ তৈরির পরিকল্পনা রয়েছে। ছয় বছর বয়স থেকেই এনআইডির তথ্য নিবন্ধন শুরু করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। এতে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি বারবার তথ্য পরিবর্তনের প্রবণতা কমানো সম্ভব হবে বলে আশা করছে কমিশন।
মনোয়ারুল হক/
