এসআরবি মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৮ নভেম্বর): স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সের মহাপরিচালকের পদভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

রবিবার (৮ নভেম্বর) এসআরবির পক্ষ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৯৮ সালের বিসিএস ১৭তম ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকুরিতে প্রবেশ করেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

তিনি রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। পেশাগত দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্বেও নিয়োজিত ছিলেন।

এ ছাড়াও তিনি আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশل ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ