গণহত্যাকারীকে রাজনীতি করতে দেবে না দেশের মানুষ

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৬ নভেম্বর): দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘যারা অন্যায়, দুঃশাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য মানুষের রক্ত নিয়েছে, এ দেশের ওপর অত্যাচার করেছে, সেই জালেম, স্বৈরাচারী ও খুনি আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না।’

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আয়োজিত চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহা সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন।

তিনি বলেন, যারা জনগণের রক্ত ঝরিয়েছে এবং দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে নানা ধরনের নির্যাতন ও দুঃশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে, সেই ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসনের কোনো পথ খোলা নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিগত সরকারের আমলের বিভিন্ন গুম ও হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে নিজের ওপর ঘটে যাওয়া গুমের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং এর আগের দীর্ঘ সময়ে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। যারা এই গণহত্যায় জড়িত ছিল, তারা এখনো পর্যন্ত কোনো ধরনের অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা এ দেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও গণহত্যাকারীদের রাজনীতিতে ফেরার বিষয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনেও ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় ধর্মের নাম ব্যবহার করে অথচ নির্বাচনী ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থার প্রতিফলন ঘটায় না এমন দলগুলোরও সমালোচনা করেন তিনি।

বিএনপির রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ধারা বজায় রেখে দলটি সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা করা গেলেও জনস্বার্থবিরোধী কোনো বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। দেশের অর্থনৈতিক অগ্রগতি, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান ও বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আলেম-ওলামা এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট আলেম-ওলামাগণ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ