মাদকের সঙ্গে জড়িতদের রাজনীতি করার অধিকার নেই
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ নভেম্বর): মাদকের বিরুদ্ধে নিজের লড়াই চালিয়ে যাওয়ার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ডিবেট ফর ডেমোক্রেসি এই সেমিনারের আয়োজন করে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মাদক ব্যবসার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দিষ্ট কিছু সদস্যের জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় জনসমক্ষে এনে তাদের আইনগত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন অভিনব উপায়ে সীমান্ত পেরিয়ে দেশের প্রতিটি প্রান্তে মাদক ছড়িয়ে পড়ছে। এই সামাজিক ব্যাধি রোধ করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি জানান, মাদকের সহজলভ্যতা এবং রাজনৈতিক পরিচিতির অপব্যবহার এর বিস্তারকে তরান্বিত করছে। অনেক সময় খুচরা বিক্রেতা বা ছোট কারবারিরা আটক হলেও নেপথ্যের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা প্রকাশের পাশাপাশি সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ, বিশিষ্ট মনোচিকিৎসাবিদ অধ্যাপক ডা. এম এ মোহিত কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিতার্কিকবৃন্দ।
মনোয়ারুল হক/
