ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার
ঠাকুরগাঁও প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৬ নভেম্বর): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার বিভিন্নমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে জনগণের আয় বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের পর, স্কাউট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথাগুলো বলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে আসাদুল হাবিব দুলু জানান, একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনসাধারণের কষ্ট হ্রাসে বিভিন্ন পর্যায়ে কাজ করা হচ্ছে। জনগণের সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এর পাশাপাশি, উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে মানুষের আয়-রোজগার বৃদ্ধি পাবে।
স্কাউটিং আন্দোলনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শৈশব থেকেই শিশুরা যদি শৃঙ্খলিত পরিবেশে বড় হয়, তবে তাদের জীবন সুন্দর ও গোছানো হয়। এর মাধ্যমে তারা সমাজের বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের হাত থেকেও নিজেদের রক্ষা করতে সমর্থ হয়। বর্তমান সময়ে তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদক ও ক্যাসিনো আসক্তির মতো অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। নতুন প্রজন্মকে এসব ধ্বংসাত্মক পথ থেকে দূরে রাখতে স্কাউটিং অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় স্কাউট সদস্যদের কার্যকরভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। সংকটময় মুহূর্তে তারা কীভাবে সাধারণ মানুষকে সহায়তা করতে পারে এবং জনসচেতনতা বৃদ্ধিতে অংশ নিতে পারে, সে বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘নীল আকাশ, সবুজ বন—স্কাউটিংয়ে গড়ি জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পুরিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ ক্ষুদে স্কাউট অংশগ্রহণ করছে। শিশুদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি নেতৃত্বদানের ক্ষমতা, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির উদ্দেশ্যে এ ক্যাম্পুরিতে বিভিন্ন শিক্ষণীয়, সৃজনশীল ও আনন্দদায়ক কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁও জেলার প্রশাসক মো. রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাস হোসেনসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ।
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের নানা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে দেশের একজন দায়িত্বশীল, মানবিক গুণসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
মনোয়ারুল হক/
