হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ অক্টোবর): দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে পরিদর্শনের বিশেষ দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৫৪ জন কর্মকর্তা।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এক অফিস আদেশে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত প্রতিষ্ঠান, জেনারেল হাসপাতাল এবং জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শনের এই দায়িত্ব বণ্টন করা হয়।

অফিস আদেশের তথ্য অনুযায়ী, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা নির্দিষ্ট হাসপাতাল, জেলা ও বিভাগীয় স্বাস্থ্যসেবা তদারকি করবেন। কাউকে একক জেলা আবার কাউকে একাধিক জেলার হাসপাতালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ এলাকার হাসপাতালগুলোর জনবল পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জামের ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন এবং হাসপাতাল প্রধানদের সঙ্গে সমন্বয় করে মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তাদের নিয়মিতভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা তদারকি করতে হবে এবং উপস্থিতি সংক্রান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি), সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের গতিশীলতা নিশ্চিত করতে বলা হয়েছে।

মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন জনস্বাস্থ্যমূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশনা রয়েছে আদেশে। এছাড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে বিভিন্ন উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার কথাও বলা হয়েছে।

পরিদর্শন ও প্রতিবেদন জমাকরণ নিয়ম

  • কর্মকর্তাদের নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করতে হবে।
  • প্রতি মাসে প্রতিটি কর্মকর্তাকে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
  • পরিদর্শনকালে চিহ্নিত সমস্যা ও সুপারিশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।
  • প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্দিষ্ট শাখায় পরিদর্শনের পর্যবেক্ষণ ও সুপারিশসংবলিত প্রতিবেদন পাঠাতে হবে।

কোন পর্যায়ে কারা দায়িত্বে আছেন

অতিরিক্ত সচিব: প্রশাসন, উন্নয়ন, বিশ্বস্বাস্থ্য, হাসপাতাল, জনস্বাস্থ্য, আর্থিক ও অডিট, বাজেট এবং নার্সিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার অতিরিক্ত সচিবদের বড় বড় জাতীয় ও বিভাগীয় হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

যুগ্মসচিব ও উপসচিব: এই পদমর্যাদার কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলার সাধারণ এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো তদারকি করবেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, এই অতিরিক্ত দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নিয়মিত কাজের পাশাপাশি পালন করবেন এবং আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে গিয়ে হাসপাতালের বাস্তব চিত্র, জনবলের উপস্থিতি, চিকিৎসা সরঞ্জামের কার্যকারিতা, অবকাঠামোগত সমস্যা ও ব্যবস্থাপনার ঘাটতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ