ফেনীতে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত
ফেনী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (৪ অক্টোবর): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে একটি ট্রাকের চাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এক সদস্য প্রাণ হারিয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. আলমগীর হোসেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদবিতে কর্মরত ছিলেন এবং প্রেষণে ফেনীর এসআরবি-৭-এ দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামে; তার বাবার নাম মৃত নুর উদ্দিন আহমেদ।
মহিপাল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ফতেহপুর স্টার লাইন পাম্পসংলগ্ন এলাকায় এসআরবি সদস্যরা বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করার পাশাপাশি অপর একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সড়কের বাম পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গর্তে গিয়ে পড়ে।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর গুরুতর আহত অবস্থায় এসআরবি সদস্য আলমগীর ও ট্রাকচালক মো. সজীবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর এসআরবি সদস্য আলমগীরকে মৃত বলে ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজীবকে বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে এসআরবি-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, সরকারি দায়িত্ব পালনকালে গাড়িচাপায় তাদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনের অকাল মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মনোয়ারুল হক/
