পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ নভেম্বর): পোশাক খাতের শ্রমিকদের জন্য অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি কাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক উসকানি ও একটি বিশেষ গোষ্ঠীর অনুপ্রবেশ কাজ করছে। তবে সরকার সর্বোচ্চ ধৈর্য, আন্তরিকতা ও সহনশীলতার সাথে শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত সব সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।

রোববার (আজ) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এসব বক্তব্য তুলে ধরেন।

গার্মেন্টস শিল্পের বর্তমান অবস্থা বর্ণনা করে মাহদী আমিন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পরপরই সরকার একটি ভঙ্গুর রাষ্ট্রকাঠামো ও অর্থনীতিকে পুনর্গঠনের কাজ শুরু করেছে। কিন্তু ঠিক একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট দেখা দেয়। এমন প্রতিকূল বাস্তবতার মধ্যেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে—অর্থাৎ প্রতি পাঁচ বছর পরপর পোশাক খাতে মজুরি সমন্বয় করা হতো। কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের ওপর পূর্ণ আস্থা রেখে উপদেষ্টা বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যথাসম্ভব দ্রুততম সময়ে একটি ন্যায়সংগত মজুরি চূড়ান্ত করবেন এবং এ প্রক্রিয়ায় সরকার সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশের গর্ব হিসেবে আখ্যায়িত করে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, ঘাম ও অক্লান্ত পরিশ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্বদরবারে দেশের প্রতিনিধিত্ব করছে। সরকার চায় দেশে আরও নতুন কলকারখানা গড়ে উঠুক এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক।

শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটলেই দেশের সামগ্রিক ভাগ্যের পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি স্বনির্ভর ও অগ্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সংরক্ষণ একটি ন্যায্য, সমতাভিত্তিক এবং সমৃদ্ধ সমাজ গঠনের রূপকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ প্রতিটি শ্রমিকের মৌলিক চাহিদা ও অধিকার। এই অধিকার সুরক্ষিত করা সরকার, মালিকপক্ষ এবং বৃহত্তর সমাজের একটি সম্মিলিত দায়িত্ব। সরকারের দায়িত্ব শুধু অধিক কর্মসংস্থান তৈরি করা নয়, বরং শ্রমিকরা যেন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।

সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা এবং গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে। কেবল আইন ও নীতিমালা প্রণয়নে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই প্রয়োগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পাশাপাশি জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্মপরিকল্পনার অন্যতম প্রধান অগ্রাধিকারমূলক ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমান সরকারের শ্রমবান্ধব অঙ্গীকারের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে মাহদী আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের গুরুত্ব অনুধাবন করে আজকের তৈরি পোশাক শিল্পের মূল ভিত্তি রচনা করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন ও শ্রমিকদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেন।

২০০৬ সালে বিএনপি সরকারের শাসনামলেই শ্রম আইন প্রণয়ন এবং ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ গঠন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই গৌরবোজ্জ্বল উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক সুরক্ষার ওপর সরকারের নতুন করে গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ। এটি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মানোন্নয়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ।

নীতিমালা বাস্তবায়নের কর্মপদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, কেবল বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানই নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ও পরিচালন সক্ষমতা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ ক্ষেত্রে প্রতিরোধ, সচেতনতা, প্রশিক্ষণ এবং নিরবচ্ছিন্ন উন্নয়নের ওপর জোর দিতে হবে। কর্মপরিবেশের নিরাপত্তাকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে আরও বাস্তবায়নযোগ্য, সাশ্রয়ী এবং প্রকৃত অর্থে টেকসই করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্পের প্রবৃদ্ধি, ব্যবসার স্থায়িত্ব এবং শ্রমিকের কল্যাণকে সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে।

বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন শ্রম নীতিমালায় আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে সহায়তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর নিরবচ্ছিন্ন সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি বলেন, দেশের নিজস্ব স্থানীয়, শিল্প ও অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়কে স্বাগত জানিয়ে আমরা এই মানকে আরও উন্নত করতে চাই।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খান প্রমুখ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ