বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া শুরু

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ নভেম্বর): বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশীদারিত্বে ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শিরোনামে যৌথ অনুশীলন মহড়া কার্যক্রমের শুভসূচনা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) থেকে রাজধানীর ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে পাঁচ দিনব্যাপী এই যৌথ মহড়া শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এই মহড়ার আয়োজন করা হয়েছে। এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।

আইএসপিআর আরও জানিয়েছে, ‘এক্সারসাইজ কোপ সাউথ’ মূলত পারস্পরিক মতবিনিময় ও বিষয়ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের পেশাগত দক্ষতা এবং কার্যক্ষমতা শাণিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এবারের এই যৌথ মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের অপারেশন এবং রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি ও হ্যাজমেট রিস্ক ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ের ওপর পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান করা হবে। উল্লেখ্য, এইবারের মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ