চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন, আনলিমিটেড চ্যাট ও নতুন সব ফিচার
আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ সেপ্টেম্বর): জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে ওপেনএআই। এর অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে ফ্রি এবং গো (Go) প্ল্যানের ব্যবহারকারীরা জিপিটি-৫.৬ লুনা মডেলের মাধ্যমে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই টেক্সট চ্যাট করতে পারবেন। পাশাপাশি জটিল ও কঠিন প্রশ্নের নিখুঁত সমাধান পেতে যুক্ত হচ্ছে নতুন ‘থিংক’ (Think) বাটন।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী এক শ কোটির মাইলফলক পার করেছে। ব্যবহারকারীদের এই বিপুল আগ্রহের কথা মাথায় রেখে ফ্রি ও গো প্যাকেজের গ্রাহকদের জন্য টেক্সট চ্যাটের বর্তমান লিমিট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। তবে ফাইল বা ডকুমেন্ট আপলোড, ছবি বা ভয়েস ব্যবহার এবং ইমেজ জেনারেশনের মতো সুবিধাগুলোর ক্ষেত্রে আগের মতো নির্দিষ্ট ব্যবহারের সীমা বা কোটা বলবৎ থাকবে।
নতুন এই আপডেট অনুযায়ী, ফ্রি এবং গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে যুক্ত হচ্ছে ‘জিপিটি-৫.৬ লুনা’ (GPT-5.6 Luna)। এটি জিপিটি-৫.৬ পরিবারের একটি দ্রুতগতির ও সাশ্রয়ী মডেল। এছাড়া কোনো জটিল প্রশ্নের ক্ষেত্রে ব্যবহারকারীরা নতুন ‘থিংক’ বাটনে ক্লিক করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও অধিকতর যুক্তি ও বিশ্লেষণধর্মী উত্তর প্রদানে বাধ্য করতে পারবেন।
অবশ্য ওপেনএআই জানিয়েছে, এই সুবিধাগুলো একসাথে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে না। চলতি সপ্তাহ থেকে পরিবর্তনগুলো পর্যায়ক্রমে চালুর পর আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীরা সম্পূর্ণ আনলিমিটেড টেক্সট চ্যাট এবং নতুন ‘থিংক’ বাটন ব্যবহারের সুযোগ পাবেন।
অন্যদিকে, চ্যাটজিপিটির প্রিমিয়াম সংস্করণ অর্থাৎ প্লাস ও প্রো গ্রাহকদের জন্যও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তাদের অভিজ্ঞতার মান আরও বাড়াতে যুক্ত করা হচ্ছে ‘জিপিটি-৫.৬ সল’ (GPT-5.6 Sol) মডেলের উন্নত সংস্করণ। চটজলদি উত্তর খোঁজা, ওয়েব রিসার্চ, যেকোনো পরামর্শ, পরিকল্পনা তৈরি, কন্টেন্ট রাইটিং কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মতো কাজে এই নতুন মডেলটি আগের চেয়ে অনেক বেশি কার্যকর হবে বলে জানিয়েছে ওপেনএআই।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন জিপিটি-৫.৬ সল মডেলটি আরও সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান করবে। অপ্রয়োজনীয় ও বাড়তি কথার পরিমাণ কমিয়ে একদম সুনির্দিষ্ট উপাত্ত বা উত্তরের ওপর বেশি জোর দেওয়া হয়েছে এতে।
প্লাস এবং প্রো ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন একটি ‘থিংকিং স্লাইডার’ (Thinking Slider) ফিচারও আনা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার সময় চ্যাটবটটি কতটা গভীরভাবে চিন্তা বা বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারী নিজে ঠিক করে দিতে পারবেন। প্রশ্নের গভীরতা বা জটিলতার মাত্রা অনুযায়ী স্লাইডার টেনে এই মাত্রা কম বা বেশি করা সম্ভব হবে।
ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, আগের সংস্করণ জিপিটি-৫.৫-ইনস্ট্যান্টের তুলনার নতুন জিপিটি-৫.৬ লুনা মডেলে ভুল তথ্যের হার ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।
নতুন জিপিটি-৫.৬ সল মডেলটি ইতিমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আর ফ্রি ও গো প্ল্যানের ব্যবহারকারীরা খুব শীঘ্রই আনলিমিটেড টেক্সট চ্যাট ও ‘থিংক’ বাটনের সুবিধাগুলো পেতে শুরু করবেন। ওপেনএআইয়ের এই ইতিবাচক পরিবর্তনের ফলে সাধারণ বা বিনামূল্যের ব্যবহারকারীরা টেক্সট চ্যাটের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
মনোয়ারুল হক/
