জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৪ নভেম্বর): আসন্ন ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের অংশ হিসেবে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি একটি উদ্বোধনী খাম ও ডেটা কার্ডও প্রকাশ করা হয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক কর্মসূচিতে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং উদ্বোধনী খামে সই করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহারের মাধ্যমে তিনি এগুলোর অবমুক্তকরণ সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন। এই আয়োজনে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিটের পাশাপাশি ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ডও অবমুক্ত করা হয়।

বাংলাদেশ ডাক বিভাগের ব্যবস্থাপনায় প্রকাশিত এসব স্মারক ডাকটিকিট দেশের নির্ধারিত সব পোস্ট অফিস থেকে সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

সূত্র: বাসস    

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ