প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৩ নভেম্বর): রাজধানীর আগারগাঁও অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে দুই দিনব্যাপী ‘সোলার এক্সপো-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী পুরো প্রদর্শনী ঘুরে দেখেন এবং সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক অবলোকন করেন।

এই এক্সপোতে সৌরবিদ্যুৎ সংক্রান্ত সর্বাধুনিক প্রযুক্তির প্রদর্শন করা হচ্ছে। এতে নীতিনির্ধারক মহল, সরকারি বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই সোলার এক্সপোর আয়োজন করা হয়েছে।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহযোগিতা করা এবং সৌরবিদ্যুতের প্রচার ও প্রসারে সরকারি নীতি ও প্রণোদনার বিষয়গুলো সংশ্লিষ্ট অংশীজনদের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, সচিব এবং পদস্থ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এবারের প্রদর্শনীতে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সংক্রান্ত সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ