সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ নভেম্বর): বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।

উক্ত সাক্ষাতে স্পিকার উল্লেখ করেন যে, বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্পর্ক অত্যন্ত উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। সিঙ্গাপুর যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার, সে কথাও তিনি পুনর্ব্যক্ত করেন। এছাড়া, লি কুয়ান ইউয়ের দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর কীভাবে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে, সে বিষয়টিও তিনি স্মরণ করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা আবার শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবেও পরিচিত লাভ করেছে।

বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘দেশের বিনিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

এই বৈঠকে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের মাধ্যমে দেশের কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর জন্য নিশ্চিত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।’

ডেরেক লো আরও বলেন, ‘জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান নির্মাণ সিঙ্গাপুরের অর্থনীতিকে দারুণভাবে সমৃদ্ধ করেছে। ঠিক একইভাবে বাংলাদেশেও জাহাজ নির্মাণশিল্পের প্রসার এবং ড্রাই ডক স্থাপনের মাধ্যমে ব্যাপক অর্থনৈতিক সুফল পাওয়া যেতে পারে।’

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, তৈরি পোশাকশিল্পের প্রসার, দ্বিপক্ষীয় সংসদীয় সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি চাকরি ও পাবলিক পরীক্ষায় নিয়োগ পরীক্ষার বিভিন্ন বিষয়।

উক্ত বৈঠকে সিঙ্গাপুর দূতাবাসের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ