বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ নভেম্বর): ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ বিবেচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্ধারিত সময়সীমা অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী হিসেবে এলিজা জামান তাঁর মনোনয়নপত্র জমা দেন। পরবর্তী সময়ে যাচাই-বাছাই প্রক্রিয়ায় তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। সেই সময়ের মধ্যে এলিজা জামান প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুযায়ী তাঁকে চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সংঘটিত হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার সঙ্গে সংরক্ষিত নারী আসনের তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগ করার নির্দেশ দেন।

পরবর্তীতে তিনি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটিকে শূন্য ঘোষণা করে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ