স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিকদের জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ নভেম্বর): পোশাক খাতের চলমান শ্রমিক আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতি দূর করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শুরু করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ নেতারা।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।

এই বৈঠকে আরও উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিভিন্ন গার্মেন্টস কারখানার মালিক প্রতিনিধিরা। এ ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন বেশ কতিপয় কর্মকর্তা বৈঠকে অংশ নিয়েছেন।

অন্যিদকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করাসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করছেন পোশাক শ্রমিকরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পর্যাপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, একই ধরনের দাবিতে ঢাকার সাভার অঞ্চলেও সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। সাভারের আশুলিয়া এলাকায় শত শত শ্রমিক রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ