মোবাইল নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন সুবিধা
আইটি ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ অক্টোবর): বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে আসছে বড় ধরনের প্রাইভেসি আপডেট। এতদিন অ্যাপটিতে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক থাকায় গ্রুপ চ্যাট বা অপরিচিতদের সঙ্গে কথা বলার সময় ব্যক্তিগত নম্বর প্রকাশ হয়ে যাওয়ার বিড়ম্বনা ছিল। ব্যবহারকারীদের এই গোপনীয়তার সংকট কাটাতে এবার ফোন নম্বর ছাড়াই শুধুমাত্র ‘ইউজার নেম’ বা ব্যবহারকারীর নাম দিয়ে চ্যাট করার অভিনব ফিচার চালু করতে যাচ্ছে মেটা। চলতি বছর থেকেই বিশ্বব্যাপী ধাপে ধাপে এটি রোল-আউট করা হচ্ছে এবং এর অংশ হিসেবে বর্তমানে ইউজার নেম বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
নম্বরের বদলে গুরুত্ব পাবে ইউজার নেম
নতুন এই সুবিধাটি পুরোপুরি চালু হলে কাউকে আর নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিতে হবে না, শুধু ইউনিক ইউজার নেম শেয়ার করেই যোগাযোগ করা সম্ভব হবে। অ্যাকাউন্ট খোলার প্রাথমিক ধэপে মোবাইল নম্বর প্রয়োজন হলেও তা অন্যের কাছে গোপন থাকবে। হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স জানান, বিশেষ করে গ্রুপ চ্যাটে নম্বর লুকিয়ে নিরাপদে যোগাযোগের কথা মাথায় রেখেই এটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় নিজেদের ইউজার নেম পরিবর্তন বা ডিলিটও করতে পারবেন।
নাম নির্বাচনের সুনির্দিষ্ট শর্ত ও সুরক্ষা
সুরক্ষা নিশ্চিত করতে ইউজার নেম তৈরির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ:
- নাম হতে হবে সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৩৫ অক্ষরের মধ্যে।
- ব্যবহার করা যাবে ইংরেজি ছোট হাতের অক্ষর, সংখ্যা, ফুলস্টপ এবং আন্ডারস্কোর।
- প্রতারণা এড়াতে নামগুলো ‘www.’ দিয়ে শুরু করা যাবে না এবং কোনো ডোমেইন নাম যোগ করা নিষিদ্ধ।
- শুধুমাত্র সংখ্যা বা প্রতীক দিয়ে নাম তৈরি করা যাবে না, অন্তত একটি ইংরেজি অক্ষর থাকা বাধ্যতামূলক।
- সেলিব্রিটি বা সরকারি ব্যক্তিদের নাম সুরক্ষায় হাই-প্রোফাইল নামগুলো আগে থেকেই লক বা সংরক্ষিত রাখা হচ্ছে।
ক্রস-প্ল্যাটফর্ম সমন্বয় ও বুকিং প্রক্রিয়া
মেটার অন্যান্য প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে এটি সমন্বয় করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে ফেসবুক বা ইনস্টাগ্রামের নিজেদের বর্তমান ইউজার নেমটিই হোয়াটসঅ্যাপে লিংক করে নিতে পারবেন। তবে অন্য কেউ ওই প্ল্যাটফর্মগুলোতে নামটি আগে নিয়ে থাকলে সেটি হোয়াটসঅ্যাপে ফাঁকা থাকলেও দাবি করা যাবে না। বর্তমানে ফিচারটি পর্যায়ক্রমে আসছে। অ্যাপের প্রোফাইল সেটিংস চেক করে সুবিধাটি চালু হয়েছে কিনা দেখা যাবে। তবে মনে রাখতে হবে, এই ইউজার নেম বুকিংয়ের কাজটি কেবল মোবাইল অ্যাপ থেকেই সম্পন্ন করা যাবে, ডেস্কটপ বা ওয়েব সংস্করণ থেকে নয়।
গোপনীয়তা ও স্ক্যাম প্রতিরোধের প্রস্তুতি
মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত থাকলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারিসা ভেলিজের মতো সাইবার বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন যে মেটা বিপণনের কাজে মেটাডেটা সংগ্রহ করতে পারে। পাশাপাশি ইউজার নেমের কারণে স্ক্যাম বা প্রতারণা বাড়ার আশঙ্কার জবাবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অপব্যবহার রোধে প্ল্যাটফর্মে রয়েছে বহুস্তরীয় নিরাপত্তাব্যবস্থা। এর মধ্যে রয়েছে একটি বিশেষ ‘ইউজার নেম কি’ বা সংক্ষিপ্ত কোড; এই কোড ও সুনির্দিষ্ট ইউজার নেম না জানালে অপরিচিত কেউ প্রথমবার মেসেজ পাঠাতে পারবে না। এ ছাড়া যেকোনো অবাঞ্ছিত ব্যবহারকারীকে ব্লক ও রিপোর্ট করার অপশনও বহাল রয়েছে।
সূত্র: বিবিসি, দ্য ইকোনমিক টাইমস
মনোয়ারুল হক/
