বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২২ নভেম্বর): ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে, বেলা সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।
তিনি বলেন, ‘দেশের সব সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত বন্ধে বিজিবি কাজ করছে।’
বিজিবি মহাপরিচালক বলেন, ‘ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে কেউ যাতে অবৈধভাবে অন্য দেশে যেতে না পারে, পুশইন ঠেকানো, মাদক পাচার বন্ধ এবং অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার অংশ হিসেবে তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছেন।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করতে হবে।’
পরিদর্শনকালে বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
