ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২২ নভেম্বর): মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া বেশ কয়েকটি বিমান হামলা সফলভাবে প্রতিহত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের এই আক্রমণে একটি বেসামরিক শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্যে অবকাঠামোগত ও বস্তুগত ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা দল কাজ চালিয়ে যাচ্ছে।
তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির সুনির্দিষ্ট নাম বা অবস্থান প্রকাশ করেনি মন্ত্রণালয়। এর আগে বাহরাইনজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সে সময় হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে নাগরিকদের দ্রুত নিকটতম নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে, হামলার পর দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় ওই ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের আকাশসীমায় অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবে’ এই অভিযান চালানো হয়েছে।
এতে জানানো হয়, দুটি মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বাহরাইনের ওই ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই আঘাত হানে।
এর আগে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল, আইআরজিসি শেখ ইসা ও জুফায়েরে মার্কিন বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আইআরজিসি আরও জানায়, ইরানের হেঙ্গাম দ্বীপে অবস্থিত একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবেও এই অভিযান চালানো হয়েছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য প্রকাশ করে সংস্থাটি। ওই সংবাদমাধ্যমের দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ধারাবাহিক কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই দেশটি দফায় দফায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে তিনটি ড্রোন হামলাও চালানো হয়েছে।
পাশাপাশি, ইরানের আক্রমণের মুখে পড়েছে অঞ্চলের অন্যান্য উপসাগরীয় দেশগুলোও। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একাধিক হামলার ঘটনা ঘটেছে।
ইরানের সর্বশেষ হামলার প্রতিক্রিয়া ইরানের এই সর্বশেষ হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেশটির বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি নিরাপত্তা পরিষদকে ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ইরানকে বাধ্য করার জোর দাবি জানায়।
গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানের ভূখণ্ডে ইরানের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে সব ধরনের শত্রুতা ও সামুদ্রিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বাহরাইনের শিল্প স্থাপনায় হামলার ঘটনায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদাইউই।
তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা, স্থাপনা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত দেশগুলোর সামগ্রিক নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
জিসিসির মহাসচিব আরও উল্লেখ করেন, সদস্যরাষ্ট্রগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একই সঙ্গে এই হামলা মোকাবিলায় বাহরাইন যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, জিসিসি তার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। সূত্র: আল জাজিরা
মনোয়ারুল হক/
