রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২০ নভেম্বর): ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও তাদের দাবির প্রতি সংহতি জানাতে তিনি ক্যাম্পে যান। সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

রোহিঙ্গাদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের কথা বলেছে। ২০১৭ সালে তাদের ওপর যা ঘটেছে, তা গণহত্যা। আইসিজের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও ভোগান্তির বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তিনি বলেন, যারা এই দিনটি দেখে যেতে পারেননি, তাদের স্মরণ করতে হবে। রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা ভুলে যাওয়ার সুযোগ নেই। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

খলিলুর রহমান আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। দেশটির সঙ্গে তাদের বহু প্রজন্মের সম্পর্ক রয়েছে। তাদের পরিচয় ও অধিকার অস্বীকার করে এই সংকটের সমাধান সম্ভব নয়। নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে।

প্রত্যাবাসনের শর্ত তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে ভূমিকা রাখায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খলিলুর রহমান। এ ছাড়া আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন তিনি।

উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সংকটের পুরো দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।

খলিলুর রহমান বলেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখটি যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে। আইসিজের রায়কে শুধু ন্যায়বিচারের স্বীকৃতিতে সীমাবদ্ধ না রেখে দীর্ঘদিনের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে।

সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের মধ্যেও আইসিজের রায়কে ঘিরে নতুন আশা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা দীর্ঘদিনের নির্যাতনের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে খলিলুর রহমান কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ