৫২ বছর অপেক্ষার পর চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

পাবনা প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২০ নভেম্বর): ৫২ বছর ধরে যে ট্রেনের অপেক্ষায় ছিল পাবনা, অবশেষে সেই ট্রেন ছুটল ঢাকার পথে। দীর্ঘ প্রতীক্ষা আর যাতায়াতের ভোগান্তি পেরিয়ে বৃহস্পতিবার চালু হলো পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগ। নতুন এই সংযোগে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার প্রয়োজনে ঢাকামুখী পাবনাবাসীর দুর্ভোগ কমার আশা। উদ্বোধন করে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণেও উদ্যোগ নিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাবনা রেলওয়ে স্টেশন মাঠে আনুষ্ঠানিকভাবে এ রেল যোগাযোগের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে পাবনার দাবিগুলো অগ্রাধিকার পাবে। তিনি বলেন, ‘এসেছি গাড়িতে, যাব ট্রেনে, আপনাদের সহযাত্রী হয়ে।’ বক্তব্য শেষে উদ্বোধনী বিশেষ ট্রেনে পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনা-ঢাকা রেল যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে সবার আগে এ ট্রেন চালুর বিশেষ নির্দেশনা দিয়েছেন।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে রেলমন্ত্রী বলেন, সরকার ‘ওয়াই টাইপ’ সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর সম্ভাব্যতা যাচাই চলছে। পাশাপাশি বিস্তারিত নকশা প্রণয়নের কাজও হাতে নেওয়া হয়েছে। সেতুর সঙ্গে রেল যোগাযোগ যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রকল্পের অর্থায়নে আন্তর্জাতিক পর্যায় থেকেও ব্যাপক আগ্রহ রয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শেষ করে সেতু উদ্বোধনের আশাও প্রকাশ করেন তিনি।

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রচেষ্টায় পাবনার জন্য আগে ৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়ক, রেল ও নৌপরিবহন এই তিন মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যায়ক্রমে এসব দাবি পূরণ করা হবে।

দেশের রেল খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ-বগুড়া, আখাউড়া-সিলেট ও জয়দেবপুর-জামালপুর রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত মিসিং লিংক নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্র্যাকশন চালুর পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া নতুন ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা, উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেললাইন প্রতিস্থাপন এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়া সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রেল নিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটল। পাবনাকে যুক্ত করে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে পাবনার অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে। শহরের যানজট নিরসনে প্রধান সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পও অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল, আইটি পার্কসহ নির্বাচনে দেওয়া ২৪টি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও পাবনা থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের স্বপ্ন এতদিন পূরণ হয়নি। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঈশ্বরদীর বিভাগীয় অফিস থেকে রঙিন সাজে সজ্জিত ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা স্টেশনে পৌঁছালে সেখানে মানুষের ভিড় জমতে শুরু করে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে স্টেশন চত্বরে তৈরি হয় উৎসবের আমেজ।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহান বলেন, ছোটবেলা থেকে ঢাকা-পাবনা সরাসরি রেলের গল্প শুনে আসছি। পাবনা একমাত্র জেলা, যাকে এই রেলের জন্য ৫২ বছর অপেক্ষা করতে হয়েছে। তাই সবার মধ্যে উচ্ছ্বাস বেশি। ইতিহাসের সাক্ষী হতে তিনিও এই ট্রেনে ঢাকায় যাবেন বলে জানান।

স্থানীয় বাসিন্দা আসাদ ও আব্দুর রহমানসহ কয়েকজন বলেন, পাবনা সবদিক থেকেই অবহেলিত। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে। সরাসরি ট্রেন চালুর ফলে সেই ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে তারা আশা করছেন।

উদ্বোধনের দিন বিশেষ ট্রেন চালুর পর শুক্রবার (২০ নভেম্বর) থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে এক জোড়া আন্তঃনগর ট্রেন, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানি করা নতুন ১২টি কোচ দিয়ে ট্রেন দুটি সাজানো হয়েছে।

রেলওয়ে সূত্র অনুযায়ী, পাবনা প্রভাতী এক্সপ্রেস প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে পাবনা গোধূলি এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সরাসরি রেল যোগাযোগ চালুর ফলে পাবনার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন গতি আসবে। বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাতায়াতকারী রোগী এবং উচ্চশিক্ষার্থীদের ভোগান্তি কমবে। একই সঙ্গে সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয় হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ