সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল

রাজশাহী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১৯ নভেম্বর): বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার সার উত্তোলন না করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তার ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান। তিনি জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কৃষকের কাছে সঠিক সময়ে, নির্ধারিত দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য; তাই সার বিতরণে গাফিলতি বা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করতে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিলারদের বরাদ্দ অনুযায়ী যথাসময়ে সার উত্তোলন ও কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে সার আটকে রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিলারদের উদ্দেশে তিনি বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সার পরিবহনের খরচ প্রতি কেজিতে ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছেন। তাই কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার বিক্রয়কেন্দ্র খোলা রাখতে হবে।

কৃষি সচিব বলেন, কৃষির উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬টি জেলায় সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সারের সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সার ব্যবহারে মাটির স্বাস্থ্য নষ্ট হয় এবং সরকারি ব্যয় বাড়ে। তাই কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে, বিশেষ করে ব্লক পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। ফসলের চাহিদা অনুযায়ী পরিমিত ও সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।

সারের প্রকৃত চাহিদা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, শুধু ফসল উৎপাদন নয়, মৎস্য চাষ, পোলট্রি, ডেইরি, ফুল ও ফলের বাগানের চাহিদাও বিবেচনায় নিতে হবে। অনুমাননির্ভর চাহিদা না পাঠিয়ে বাস্তবসম্মত তথ্য দিতে হবে। সার সরবরাহ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি ও এসআরবির প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সার ডিলার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ