ডিবি হেফাজতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ নভেম্বর): রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে তা‌কে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ডি‌সি (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে ‌গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে তি‌নি ডিবি কার্যালয়ে আছেন। তবে কী অ‌ভি‌যোগ বা কোন মামলায় তাকে ‌গ্রেফতার করা হ‌য়ে‌ছে, সে বিষয়ে কিছু ব‌লেন‌নি তিনি।

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভ

পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। সেখানে তাঁকে কান্নাকাটি করতে দেখা যায়। বাসার দরজার সামনেও কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।

লাইভে অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’

লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করেন অভিনেত্রী। বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

তবে সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন জ্যোতি।

শিল্পকলা একাডেমি থেকেও অব্যাহতি

‘আলো আসবেই’ বিতর্কের পর পেশাগত জীবনেও জটিলতার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি জ্যোতি। পরে ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তাঁরা ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরোধিতা করেন। একপর্যায়ে তাঁকে কর্মস্থল ছেড়ে যেতে হয়।

ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে। ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান ঘটল।

২০২৬ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। এই অভিযোগের সঙ্গে তাঁর বর্তমান গ্রেপ্তারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

অভিনয়ে দুই দশকের বেশি সময়

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। পরে টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন।

জ্যোতির অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’।

দেশের বাইরে কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন জ্যোতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে জ্যোতিকা জ্যোতি অভিনয়জীবনের শুরু থেকেই ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন। নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি।

দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা কারণে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তবে এবার মধ্যরাতে বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন জ্যোতিকা জ্যোতি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ