দ্বিতীয় দিনে সেন্টমার্টিনে যাচ্ছেন ৩ জাহাজ

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (৬ নভেম্বর): ১০ মাস বিরতির পর আবারও শুরু হয়েছে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাতটা থেকে এই কার্যক্রম চালুর পর, আজ শুক্রবার দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে নতুন করে আরও দুটি জাহাজ যুক্ত হয়েছে। ফলে মোট তিনটি জাহাজে করে আজ ১ হাজার ৫৫৪ জন পর্যটক দ্বীপটির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে চলতি মৌসুমের প্রথম যাত্রায় সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় ‘এমভি কর্ণফুলী’ ও ‘এমভি টেকনাফ’। এর আগে গত বৃহস্পতিবার ৮৩৬ জন পর্যটক নিয়ে যাত্রা করা ‘এমভি বারো আউলিয়া’ নির্দিষ্ট সফর শেষে রাতেই নিরাপদে কক্সবাজারে ফিরে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্বিতীয় দিনে এই তিনটি জাহাজে মোট ১ হাজার ৫৫৮ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করছেন। এর মধ্যে ‘এমভি বারো আউলিয়া’ জাহাজে ৬১৯ জন, ‘এমভি কর্ণফুলী’তে ৩৮৭ জন এবং ‘এমভি টেকনাফ’-এ ৫৪৮ জন পর্যটক রয়েছেন।

এদিকে, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ মূল্যের টিকিটের সাথে যাত্রীদের জন্য কেবিনের বিশেষ সুবিধাও রাখা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান নীতিমালা অনুযায়ী এবার শুধুমাত্র কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো চলাচল করবে; টেকনাফ বা অন্য কোনো নতুন পয়েন্ট থেকে জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি, দ্বীপে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিশিয়াল মাধ্যমের সাহায্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাধ্যতামূলকভাবে ট্রাভেল পাস সংগ্রহ করার নির্দেশনা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ