জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৫ নভেম্বর): ২৩ বছরের শিরোপা খরা ঘোচানোর প্রত্যয় নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। তবে প্রথম পরীক্ষাতেই হোঁচট খাওয়ার শঙ্কা জেগেছিল। গোলের জন্য দীর্ঘ অপেক্ষা, আক্রমণে ধারহীনতা আর ভুটানের প্রতিরোধ—সব মিলিয়ে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে স্বাগতিকদের। শেষ পর্যন্ত বদলি মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে জানা যায়, সাফে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দল। জামাল ভূঁইয়াকে সরিয়ে এই প্রতিযোগিতায় আর্মব্যান্ড দেওয়ার সিদ্ধান্ত হয় তপু বর্মনকে। প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিতও ছিলেন তপু। কিন্তু ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোটে পড়ে স্কোয়াড থেকেই ছিটকে যান তিনি। ফলে ম্যাচের নির্ধারিত সময়ের আগে ঘোষিত একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন কোচ টমাস ডুলি। তপুর জায়গায় শুরুর একাদশে সুযোগ পান কাজেম শাহ। শেষ পর্যন্ত এবারের সাফে প্রথম ম্যাচে জামাল ভূঁইয়াই অধিনায়ক হিসেবে মাঠে নামেন। দ্বিতীয়ার্ধে তিনি বদলি হিসেবে মাঠ ছাড়লে আর্মব্যান্ড ছিল সাদ উদ্দিনের হাতে।
বাংলাদেশ শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। কিন্তু বলের নিয়ন্ত্রণ থাকলেও খেলায় ছিল না প্রত্যাশিত গতি ও সৃজনশীলতা। নিজেদের মধ্যে বল আদান-প্রদান ছাড়া প্রতিপক্ষের রক্ষণে কার্যকর চাপ তৈরি করতে পারছিল না ডুলির দল। এর মধ্যে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে নাম্বার নাইন পজিশনে খেলানোর কৌশলও কাজে আসেনি। ৩৮ মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ।
বাংলাদেশের প্রথম উল্লেখযোগ্য আক্রমণটি আসে অষ্টম মিনিটে। জামাল ভূঁইয়ার কর্নার এক ডিফেন্ডার ক্লিয়ার করার পর বক্সের বাইরে বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তার প্রথম শট ব্লক হওয়ার পর ফিরতি শট ঝাঁপিয়ে ঠেকান ভুটানের গোলরক্ষক গাইয়েলতশেন জাংপো।
এলোমেলো আক্রমণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো পাল্টা আক্রমণে দু-একবার স্বাগতিকদের রক্ষণে ভীতি ছড়িয়েছে ভুটান। শারীরিক সক্ষমতা ও ফিটনেসের পরীক্ষাও দিতে হয়েছে দুই দলকে। কঠিন কন্ডিশনে ভুটানও যথেষ্ট প্রতিরোধ গড়ে তোলে। রক্ষণ জমাট রেখে বাংলাদেশের জন্য গোলের সুযোগ তৈরি করা কঠিন করে তুলেছিল তারা।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য অপেক্ষা বাড়তে থাকে বাংলাদেশের। শেষ পর্যন্ত ৭০ মিনিটে স্বস্তি ফেরান ইব্রাহিম। খানিক আগে বদলি হিসেবে মাঠে নেমেই বাজিমাত করেন এই ফরোয়ার্ড। বক্সের ভেতর ক্রস থেকে আসা বল এদিক-ওদিক লাফানোর পর পায়ের ছোঁয়ায় জালে পাঠান তিনি। ভুটানের জন্য গোলটি হতাশাজনক হলেও বাংলাদেশের জন্য তা ছিল দীর্ঘ অপেক্ষার অবসান।
পুরো ম্যাচেই ক্রস থেকে গোলের চেষ্টা করে গেছে বাংলাদেশ। অবশেষে সেই প্রচেষ্টার সফল পরিণতি আসে ইব্রাহিমের পায়ে। কিছুদিন আগে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে ফর্টিসের হয়ে গোল করেছিলেন তিনি। তার গোলেই আন্তর্জাতিক অভিষেকেই এএফসির মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল ক্লাবটি। এবার জাতীয় দলের হয়ে সাফের শুরুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ইব্রাহিম।
জয় দিয়ে অভিযান শুরু হলেও গোলের সামনে আরও ধারালো হতে হবে বাংলাদেশকে। তুলনামূলক পরিষ্কার সুযোগ তৈরি করেও একটির বেশি গোল করতে পারেনি স্বাগতিকরা। শিরোপার পথে এগোতে হলে পরের ম্যাচগুলোতে সুযোগ কাজে লাগানোর দক্ষতা বাড়াতে হবে ডুলির দলকে।
গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে ভারত।
মনোয়ারুল হক/
