তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন ভিসি
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১২ অক্টোবর): চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলা দীর্ঘ অচলাবস্থার মাঝেই ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং পরবর্তীতে প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কয়েকজন বহিরাগত ব্যক্তিকে দেখা যায় বলে জানা গেছে। তবে এ বিষয়ে বক্তব্য নিতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে নতুন উপাচার্যের এমন কাণ্ডের প্রতিক্রিয়ায় চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন জানান, “আমরা শুনেছি, তিনি বহিরাগতদের সঙ্গে নিয়ে তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। আমরা আমাদের নির্ধারিত কর্মসূচি চালিয়ে যাব।”
নিয়োগ পাওয়ার দীর্ঘ ২২ দিন পর উপাচার্যের এভাবে ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের পূর্বঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যেই ভিসির এই প্রবেশের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জমায়েত হতে শুরু করেছেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারিত করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই রাতেই এই আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর রাতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা এবং গত ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টিতে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। এই আন্দোলনে শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারাও সংহতি জানিয়ে মাঠে রয়েছেন।
মনোয়ারুল হক/
