একাধিক আঘাতের চিহ্ন, জায়েনের ভিডিও নিয়ে তোলপাড়
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ অক্টোবর): মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কথা না বলে কেবল হাত ও পায়ের ক্ষতচিহ্ন দেখিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছেন বলিউড তারকা আমির খানের ভাইঝি জায়েন মেরি খান।
https://www.instagram.com/p/DeWIRLUKyop/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার পর মুম্বই পুলিশ তাকে আটক করেছিল। কয়েক ঘণ্টার মধ্যে তিনি মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। তবে ঘরে ফেরার পর সমাজমাধ্যমে তার দেওয়া বিশেষ বার্তা বা ভিডিও ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে।
গত শনিবার (১০ অক্টোবর) দিল্লির প্রধান নির্বাচন কর্মকর্তা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনের সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে সমবেত হন বিক্ষোভকারীরা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জায়েন মেরি খান, অভিনেতা ইমরান খান ও তার বান্ধবী। সেখান থেকেই মুম্বই পুলিশ তাদেরকে আটক করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়।
মুক্তি পাওয়ার পর জায়েন তার সোশ্যাল মিডিয়ায় কোনো লিখিত বক্তব্য বা মুখের কথায় অভিযোগ না জানিয়ে কেবল শরীরের আঘাতের দাগগুলো ক্যামেরায় প্রদর্শন করেন। ভিডিওতে তার হাত ও পায়ে বেশ কিছু স্পষ্ট ক্ষত দেখা যায়।
তার এই নীরব প্রতিবাদ দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে—আটকের পর ঠিক কী ঘটেছিল? আঘাতগুলো কি পুলিশের সাথে ধস্তাধস্তির ফলে হয়েছে, নাকি অন্য কোনো কারণে? তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো মেলেনি। জায়েন নিজেও ক্ষতের স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ সামলাতে পুলিশের ভূমিকা ও আটকের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
মনোয়ারুল হক/
