জি এম কাদেরের বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ অক্টোবর): রাজধানী ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত জাতীয় পার্টির (জাপার) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

হামলার সময় জি এম কাদের নিজ বাসভবনেই উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘সোমবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরাস্থ বাসভবনে চড়াও হয়।’

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রেজাউল করিম বিষয়টি নিয়ে সাংবাদিকদের জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা সটকে পড়ে। বর্তমানে জড়িতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ঘটনাটির একাধিক ভিডিও চিত্রে দেখা যায়, একদল লোক বিভিন্ন ধরণের স্লোগান দিতে দিতে জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে। এ সময় তাদের হাতে ব্যানার দেখা যায় এবং তারা জাপা চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে।

এদিকে ঘটনার পর জাতীয় পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দলটির পরবর্তী পদক্ষেপ বা করণীয় পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে কাদের মাধ্যমে এই হামলা সংঘটিত হয়েছে, হামলায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হয়েছেন কি-না—বিবৃতিতে সে সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ