হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর): দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৫ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। অবশিষ্ট দুইজন খুলনা ও সিলেট বিভাগে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।
মনোয়ারুল হক/
