গণমাধ্যমকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে স্বার্থান্বেষী গোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর): প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সংবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, দেশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো যথাযথভাবে প্রচার না করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এই মহলটি।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সন্ত্রাস ও রক্তপাতের পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্য এবং গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা অনুসরণ করে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দিচ্ছে। তবে সরকারের এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে সেভাবে উঠে আসছে না। তিনি দাবি করেন, শুধু প্রশাসনেই নয়, গণমাধ্যমেও অনেক দোসর অবস্থান করে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

অবশ্য বিগত সরকারের শাসনামলে নির্যাতন-নিপীড়ন ও আত্মগোপনে থাকার কঠিন সময়ে যেসব সাংবাদিক বিএনপির বক্তব্য প্রচার করেছিলেন, তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। গণতন্ত্রকে সুসংহত করতে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রিজভী।

পোশাক খাতের শ্রমিক অসন্তোষ এবং দেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ হিসেবে অভিহিত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি প্রশ্ন তুলে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এর সুনির্দিষ্ট তথ্য কোথায়? সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে বিষয়টি সমাধান করেছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির ব্যবস্থা নিয়েছে। তা সত্ত্বেও ব্যবসা-বাণিজ্য সব শেষ হয়ে গেল বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা পালিয়ে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত এবং হত্যার রাজনীতি থেকে সরে আসেনি। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী (ছাত্রদল কর্মী), ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এসব অস্থিতিশীলতার পেছনে ইন্ধন জোগাচ্ছে দাবি করে রিজভী জানান, বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। প্রতিদিন হত্যা ও রক্তপাতের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আগামী ১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই দিন বেলা দুইটায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে এবং দলের নেতা-কর্মীরা দুপুর ১২টার মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত হবেন। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশের নামকরণ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত (মিসকোট) হয়েছে জানিয়ে রিজভী স্পষ্ট করেন যে, এটি হবে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন।

এ ছাড়া খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, সড়ক যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম রবি এমপি, রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এমপি, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর এমপি, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ