দেশের অভ্যন্তরে কোনো অপতৎপরতা চলবে না

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ নভেম্বর): সীমান্তের ওপারে কে কী করছে, তা জানি না। তবে সীমান্তের এপারে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন।

সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তারা জানেন না। তবে সীমান্তের এপারে, বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না। সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া ব্যক্তিরা দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলে শুনেছেন ও দেখেছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।

দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তাঁদের মধ্যে কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতিমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন; তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। আহত সদস্যদের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ ঘোষণা দেন যে তাঁদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন আস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে। শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো শ্রমিক আহত হননি এবং কোনো প্রাণহানিও ঘটেনি—যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমনটা ধরেই নেওয়া হয়। সে জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তাঁরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন, তবে তাঁরা সফল হবেন না।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ